কুমিল্লার মুরাদনগরে বিবাহবিচ্ছেদের পর আট বছর বয়সী মেয়েকে নিজের কাছে রাখতে চাওয়া নিয়ে বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামের এক নারী নিহত হয়েছেন।আজ সোমবার দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহত সুখিয়া বেগম পাশের দেবীদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার বাসিন্দা। ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় অভিযুক্ত সুখিয়ার সাবেক স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পরপরই তিনি পালিয়ে যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফের সঙ্গে সুখিয়ার বিয়ে হয়। তাঁদের আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়।বিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ। অন্যদিকে মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া। মেয়েকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি ছিলেন না তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।সুখিয়ার আত্মীয়দের দাবি, মেয়েকে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সুখিয়াকে বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন শরিফ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।পরে সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘সুখিয়াকে তাঁর সাবেক স্বামী শরিফ প্রকাশ্যে হত্যা করেছেন বলে জানতে পেরেছি। ঘটনার পর থেকে শরিফ পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’ তিনি আরও বলেন, শরিফ মাদকাসক্ত। বিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে সুখিয়ার সঙ্গে তাঁর মধ্যে বিরোধ ছিল। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
বিচ্ছেদের পর মেয়েকে দিতে রাজি না হওয়ায় দিনদুপুরে ব্যস্ততম বাজারে স্ত্রীকে হত্যা
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 20



























