বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।
রংপুর মহানগরীর তাজহাট আনছারির মোড় এলাকায় চাঞ্চল্যকর অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমানকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১.৪০ ঘটিকায় রংপুর মহানগর তাজহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অমিত ঘোষ (৩৫) তাজহাট থানাধীন তাজহাট গ্রামের মৃত অলোক ঘোষের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম আব্দুর রহমান (৬৫) পেশায় একজন অটোরিকশা গ্যারেজ মালিক। নিজ গ্যারেজ হতে বিভিন্ন অটো চালককে অটোরিক্সা ভাড়ায় দিতেন। অটো ভাড়া দেওয়া ও টাকা জমা নেওয়া নিজেই করতেন এবং উক্ত গ্যারেজে রাত্রী যাপন করতেন। গত ১৩ আগস্ট, ২০২৬ ইং তারিখ রাত ১২.০০ ঘটিকা হতে সকাল ০৯.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা আসামিরা রংপুর মহানগরীর তাজহাট আনসারীর মোড় এলাকায় উক্ত ভিকটিম আব্দুর রহমান (৬৫)কে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ( মামলা নং-৮)।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১.৪০ ঘটিকায় রংপুর মহানগরীর তাজহাট থানাধীন আইএসটি গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর মহানগর তাজহাট থানার মামলা নং-০৮/১৫৬, তারিখ: ১৩/০৮/২০২৬ ইং, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ এর হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী অমিত ঘোষ (৩৫), পিতা-মৃত অলোক ঘোষ, সাং-তাজহাট টিবি হাসপাতাল মোড়, ওয়ার্ড নং-২৮, থানা-তাজহাট, রংপুর মহানগর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে মূলহোতাসহ তিনজনকে গত ১৪ আগস্ট, ২০২৬ ইং তারিখ গ্রেফতার করে তৎকালীন র্যাব-১৩। গ্রেফতারকৃত উক্ত তিন আসামির স্বীকারোক্তি ও তদন্তে উদঘাটিত তথ্যের ভিত্তিতে অমিত ঘোষ (৩৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি 






























