ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষ পথে পথে, মোড়ে মোড়ে প্রতিরোধের ব্যারিকেড গড়ে তুলবে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতারা বিদেশে অবস্থান করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের কেউ কলকাতায়, কেউ থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে দেশে তৃণমূল পর্যায়ের কর্মীদের হাতে বোমা তুলে দিয়ে আতশবাজি ফোটানো হচ্ছে। তবে এসব ঘটনায় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভীত নন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, গুম-খুনের মতো দমন-পীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা বুক চিতিয়ে লড়াই করেছেন। তাঁরা ভয় পাননি, মাথানতও করেননি। এই আন্দোলন অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে; শেখ হাসিনার বিরুদ্ধে।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, তাঁর বাবার প্রণীত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে। মানুষ ও শিক্ষার্থী হত্যার দায়ে ঘোষিত দণ্ডের পাশাপাশি বিচারাধীন মামলাগুলোর রায়ও তাঁকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ মিছিলে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ফ্যাসিবাদীদের প্রতিহত করতে মাঠে থাকবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ০৯:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- 22



























