শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। জেলার চতুর্থ থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসার মোট ৭ হাজার ৭৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে হাতীবান্ধা উপজেলায় দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৭০০ শিক্ষার্থী।
হাতীবান্ধা উপজেলার পরীক্ষাকেন্দ্র দুটি হলো হাতীবান্ধা শহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় এবং শাহ্ গরীবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়। দুটি কেন্দ্রেই সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল দশটার নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের উপস্থিতি এবং অভিভাবকদের আগ্রহে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাও এ আয়োজনের অন্যতম ইতিবাচক দিক।
পরীক্ষার সার্বিক পরিবেশ, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। তাঁদের অনেকেই এ উদ্যোগে মুগ্ধতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়ে। নিজেদের যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতের বড় পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক ভূমিকা রাখে।
অভিভাবকদের মতে, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা, মেধা ও মননশীলতার বিকাশে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এ উদ্যোগ সেই সুযোগ তৈরি করেছে। বিশেষ করে গ্রামীণ জনপদের শিক্ষার্থীরা এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা প্রকাশের সুযোগ পাচ্ছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তাঁরা আরও বলেন, এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এমন একটি আয়োজন পরিচালনা করা সহজ কাজ নয়। তারপরও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের উদ্যোগ অভিভাবকদের আশাবাদী করেছে। এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম যেন শুধু একটি বছরের আয়োজন হয়ে না থাকে, বরং প্রতিবছর নিয়মিতভাবে অব্যাহত থাকে।
শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায়, প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের উৎসাহিত করার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।
লালমনিরহাটের হাতীবান্ধায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
-
মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ১২:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 33




























