নাটোরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহন মামলায় মো. রাজন আলী (যুবক) নামে এক ব্যক্তিকে পৃথক দুইটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রাজন আলী রাজশাহীর বোয়ালিয়া থানার ফিরোজাবাদ গ্রামের কেতাব আলীর ছেলে।
নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০২২ সালের ২৮ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়ে অভিযান চালায় র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সদস্যরা।
এ সময় রাজশাহী থেকে পাবনাগামী মেহেদী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসে থাকা এক যাত্রী বাস থেকে নেমে পালিয়ে যান।
পরে বাসের একটি আসনের ওপরের বাংকারে থাকা একটি ব্যাগ থেকে দুটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যাগটির মালিক রাজন আলীকে আটক করা হয়।
এ ঘটনায় রাজন আলীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।
মামলার দীর্ঘ প্রায় চার বছর ধরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার আদালত আসামির উপস্থিতিতে পৃথক দুইটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ে আদালত উল্লেখ করেন, দুই ধারায় দেওয়া সাজা একই সঙ্গে কার্যকর হবে। পাশাপাশি মামলায় গ্রেপ্তারের পর থেকে আগে যে হাজতবাস করেছেন, তা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে।
নাটোর থেকে শাকিল আহমেদ 































