শিশুদের ব্যবহারের মাধ্যমে ইয়াবা পাচারকালে র্যাব-৭ চট্টগ্রাম কর্তৃক চক্রের মূলহোতা আটক, সংশ্লিষ্ট আইনের সাথে সংঘাতে জড়িত ২ শিশুকে হেফাজতে গ্রহণ এবং ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা জব্দ।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে সিএনজি অটোরিক্সা যোগে কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকা হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৫ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে আনুমানিক ২৩৩০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকার হাটের তৈলার দ্বীপ ব্রীজ সংলগ্ন গরুর বাজারস্থ বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম অভিমুখী পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে সন্দেহভাজন গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীকালে ০১টি সিএনজি অটোরিক্সা উক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যরা সিএনজির যাত্রী সিটে বসা অভিযুক্ত শারমিন আকতার প্রকাশ ইসমত আরা (৪০), পিতা-মোঃ আহমদ হোসেন, সাং-পূর্ব ডোমখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয় এবং আইনের সহিত সংঘাতে জড়িত ৯ বছর ও ১২ বছর বয়সের ২জন শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। পর্বতীতে অভিযুক্ত শারমিন আকতার প্রকাশ ইসমত আরাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উদ্ধারকৃত শিশুদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট বহন করছে মর্মে স্বীকার করে। উক্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ রাত ০০৪৫ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম এর জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের সহায়তায় উদ্ধারকৃত শিশুদের পেটে এক্স-রে পরীক্ষার মাধ্যমে পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট সদৃশ্য বস্তু ধরা পড়ে। চিকিৎসার একপর্যায়ে ০৬ সেপ্টেম্বর ২০২৬ইং হতে ০৭ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ পর্যন্ত উক্ত ৯ বছরের শিশুর পেটের ভিতর হতে মলত্যাগের মাধ্যমে স্বচ্ছ পলি প্যাকের উপর কালো স্কচটেপ দ্বারা মোড়ানো জাম সদৃশ ৬৭টি ইয়াবার পোটলা এবং ১২ বছরের শিশুর পেটের ভিতর হতে মলত্যাগের স্বচ্ছ পলি প্যাকের উপর কালো স্কচটেপ দ্বারা মোড়ানো জাম সদৃশ ৬৬টি ইয়াবার পোটলাসহ সর্বমোট ৬৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধর পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
অভিযুক্ত শারমিন আকতার প্রকাশ ইসমত আরা আরো জানায় সে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার উখিয়া থেকে ক্রয় করে এবং পরিবহনের সুবিধার্থে উদ্ধারকৃত শিশু’দ্বয়কে কৌশলে খাওয়াইয়ে চট্টগ্রাম শহরে বিক্রয়ের জন্য নিয়ে আসছে এবং ইতিপূর্বে সে আরো দুইবার অভিনব কৌশলে উক্ত শিশুদ্বয়ের পেটের ভিতর ইয়াবা বহন করে কক্সবাজার জেলার উখিয়া হতে চট্টগ্রাম শহরে চালান পৌছে দিয়েছে।
গ্রেফতারকৃত অভিযুক্ত, উদ্ধাকৃত শিশুদ্বয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রেস বিজ্ঞপ্তি 






























