চলতি বছর একুশে পদক পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এর পর থেকেই অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কিংবদন্তিকে অভিনন্দন জানিয়ে তাকে ‘অভিনয়শিল্পের পাওয়ার হাউস’ বলে মন্তব্য করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক পোস্টে শৈশবের স্মৃতিচারণ করে জয়া আহসান লেখেন, ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পড়ে ঘুরে বেড়াতাম।
কেউ নাম জিজ্ঞেস করলে জবাবে বলতাম আমি কবিতার মেয়ে ববিতা। কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক -অ -বিতা।
তাকে অভিনয়শিল্পের ‘পাওয়ার হাউস’ আখ্যা দিয়ে জয়া এসময় লেখেন, ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস।
তার কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কীভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কীভাবে বহন করতে হয়। বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধু তারই অভিনয়গুণে।
ববিতার অভিনয়ের শক্তিতেই ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারা গড়ে উঠেছিল বলে উল্লেখ করেন বর্তমান সময়ের নন্দিত এই অভিনেত্রী। তার কথায়, ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তার অভিনয়ের শক্তিতে।
সেই অবিকশিত সিনেমাজগতে থেকেও আশ্চর্য শক্তিতে তিনি নজর কেড়েছিলেন বিশ্বসিনেমার। তার চরিত্রগুলো শুধু বিশ্বাসযোগ্যই হয়ে ওঠেনি, হয়ে উঠেছে আমাদের অভিজ্ঞতার অংশ।
ববিতার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে বলে দাবি করেন জয়া আহসান। তিনি পোস্টে লেখেন, তার (ববিতা) কাছ থেকে আমাদের নেওয়ার, পাওয়ার, শেখার শেষ নেই। আমরা শুধু চলচ্চিত্রের লোকেরাই নই, বাংলাদেশের মানুষেরা তার কাছে পরিশোধের অতীত ঋণে আবদ্ধ।
সবশেষে তার একুশে পদকপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে জয়া লেখেন, তার একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই পদক তাকে আর নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাকে অনিঃশেষ অভিনন্দন, সব সময়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
বিনোদন ডেস্ক 

































