ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তার পার্ক করে রাখা গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় নিরাপদে রয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অভিনেত্রীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, দুর্ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের সঙ্গে বাইরে এসে দেখেন, একটি ম্যাটাডোর তার পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। এতে তার গাড়ির পাশাপাশি এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী বলেন, দুর্ঘটনার সময় সেখানে কোনো মানুষ উপস্থিত থাকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।
দুর্ঘটনার পরপরই ম্যাটাডোরের চালককে আটক করেন তারা। চালক যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি গাড়িটির অনুমোদিত চালক নন। তিনি একটি ক্যাটারিং সার্ভিসের কর্মী।
ঋতুপর্ণা জানান, চালক নিজেই স্বীকার করেছেন, তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং কোনো অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন।
এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া জরুরি।
উল্লেখ্য, দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অক্ষত রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
বিনোদন ডেস্ক 

































