আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস দেশের সব মাদরাসার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বিজয় দিবস পালনে পাঁচটি কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয়মেলা ও প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাত।
নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা প্রতিটি মাদরাসা ভবনে উত্তোলন করতে হবে।
এদিন সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও সক্রিয় অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে প্রতিটি মাদরাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। এতে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করতে বলা হয়েছে।
এছাড়া, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব মাদরাসাকে নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশনা দিয়ে পৃথক আরেক বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
অনলাইন ডেস্ক : 



























