কুষ্টিয়ায় জামায়াতের এক নেতার বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে জামায়াতের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার রাত সাড়ে আটটার পর কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। একই সময় ওই ওয়ার্ডের জামায়াত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।আহত ব্যক্তিরা হলেন জুগিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউনুস আলী ও লাল মিয়া। তাঁরা সবাই জামায়াতের স্থানীয় নেতা-কর্মী।আজ বৃহস্পতিবার সকালে শাজাহান আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির ভেতরে ইটপাটকেল পড়ে আছে। বাড়ির এক পাশে তাঁর ব্যক্তিগত কার্যালয়। সেখানে চেয়ার-টেবিল ভাঙা। বাড়ির ফটকও ভাঙা। কাচের খাবার টেবিলের এক পাশ ভেঙে গেছে।শাজাহান আলীর স্ত্রী ফাতেমা পারভীন প্রথম আলোকে বলেন, এশার নামাজের পর তাঁরা সবাই বাড়িতে বসে ছিলেন। কার্যালয়েও কয়েকজন নেতা-কর্মী ছিলেন। হঠাৎ ৩০০–৪০০ লোক এসে হামলা চালান। তাঁরা ভাঙচুরের পাশাপাশি গুলি ছুড়তে থাকেন। এ সময় পরিবারের সদস্যরা ঘরের একটি কক্ষে আটকে ছিলেন। কেউ কেউ ছাদে গিয়ে আশ্রয় নেন।এ হামলায় স্থানীয় বিএনপির লোকজন জড়িত দাবি করে শাজাহান আলীর বড় ভাই আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁরা ব্যক্তিগত কার্যালয়ের ভেতরে থাকা নেতা-কর্মীদের মারধর করেন। এতে পাঁচজন আহত হন।কই সময় ওই ওয়ার্ডের জামায়াত কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেবালুর ব্যবসা নিয়ে বিরোধ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদ থেকে বালু অপসারণ ও বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। জামায়াতের নেতা-কর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে শাজাহান আলী চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তিনি বালুবোঝাই ট্রাক চলাচল বন্ধ করে দেন।জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, অতিরিক্ত বালুবোঝাই ডাম্পট্রাক দিন-রাত ২৪ ঘণ্টা চলাচল করায় এলাকার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি হচ্ছে। কয়েক দিন আগে কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওই এলাকায় গিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেন। এতে বিএনপির লোকজন ক্ষুব্ধ হন।হামলার অভিযোগের বিষয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু প্রথম আলোকে বলেন, ওই এলাকার ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর অভিযোগ, আগে শাজাহান আলী প্রতিদিন ৩০ হাজার টাকা করে চাঁদা নিতেন। এখন তিনি ৫০ হাজার টাকা দাবি করছেন। চাঁদা না পেয়ে তিনি ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন।অন্যদিকে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর অভিযোগ, আগে শাজাহান আলী প্রতিদিন ৩০ হাজার টাকা করে চাঁদা নিতেন। এখন তিনি ৫০ হাজার টাকা দাবি করছেন। চাঁদা না পেয়ে তিনি ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন।ঘটনাস্থল থেকে গুলির ৭টি খোসা ও ৫টি তাজা গুলি উদ্ধারের কথা জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
অনলাইন ডেস্ক : 


























