মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবর সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে দাম সামান্য বাড়লেও টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে অপরিশোধিত তেল।
শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৮ মিনিটে এ দর রেকর্ড করা হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে। জানুয়ারির অধিক লেনদেন হওয়া চুক্তির দামও ২০ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ ডলার ৬৪ সেন্টে।
বৃহস্পতিবার লেনদেন শেষে উভয় ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমার পথে রয়েছে। আর ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তিতে দরপতনের পরিমাণ দাঁড়াতে পারে ৬ শতাংশ।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহণ আবারও যুদ্ধপূর্ব সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের প্রত্যাশা তৈরি হয়েছে। এতে তেলের দামে নিম্নমুখী চাপ অব্যাহত রয়েছে।
রাকুটেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, হুথিদের রিয়াদে হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকছেন।
তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে সমন্বিত উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত অব্যাহত থাকার প্রত্যাশাও তেলের দাম বাড়াতে সহায়তা করছে।
আন্তর্জাতিক ডেস্ক 



























