লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম সবুজ। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ৭টায় ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সেলিম সবুজ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোকছেদুর রহমান পান ২১৫ ভোট। ৫৩ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চেম্বার ভবনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৮টি পদের মধ্যে সভাপতি পদে ভোট অনুষ্ঠিত হলেও বাকি ২ জন সহ-সভাপতি ও ১৫ জন পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিজয়ী হওয়ার পর সেলিম সবুজ ব্যবসায়ীদের কল্যাণ, সমস্যা সমাধান এবং মোগলহাট স্থলবন্দর পুনরায় সচলের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 




























