লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে পাঠানো) চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
এ নিয়ে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৬টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের কাছে এ ঘটনা ঘটে। সেখানে ভারতের দাউয়াকামারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা কাঁটাতারের গেট খুলে আনুমানিক ৩৫ বছর বয়সি এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দেন।
খবর পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে শূন্য রেখায় ফিরিয়ে দেয়। ব্যক্তিটির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজিবি ওই ব্যক্তিকে ফেরত পাঠানোর পর বিএসএফ সদস্যরা আবারও তাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক রাখেন।
বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিএসএফের দাউয়াকামারী ক্যাম্প কমান্ডারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে, ওই ব্যক্তিকে ভারতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রবিবার সকালে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে ভারতের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান করতে দেখা গেছে। এ ঘটনায় সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
লালমনিরহাট জেলা প্রতিনিধি : 


























