নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ ফজলে হুদা বাবুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার বিকেলে বদলগাছী উপজেলা সদরে নিজস্ব বাসভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি সংসদীয় এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণাকালে ফজলে হুদা বাবুল বলেন, বদলগাছী উপজেলায় অবস্থিত বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর বিহার) একসময় নালন্দা ও তক্ষশীলার মতোই জ্ঞানচর্চার আন্তর্জাতিক কেন্দ্র ছিল। এখানে ধর্মচর্চার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসা ও দর্শনের চর্চা হতো। পাশের হলুদ বিহার ছিল বহুত্ববাদী শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। সেই গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে তিনি এলাকার টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে ৯ দফা পরিকল্পনার পাশাপাশি নওগাঁ-৩ আসনের জন্য আলাদা উন্নয়ন ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
কৃষি খাতের উন্নয়নে তিনি বলেন, মহাদেবপুর ও বদলগাছী উপজেলা শস্যভাণ্ডার হিসেবে পরিচিত। এখানকার কৃষকের উৎপাদিত স্বর্ণালী ধান, নাকফজলী আম, গম ও বিভিন্ন সবজি দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কৃষকের জীবনমান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। তাই কৃষকের উন্নয়নে কৃষিপণ্য করমুক্ত বাজার স্থাপন, সেচ ফি কমানো, কোল্ড স্টোরেজ নির্মাণ, আধুনিক হাট-বাজার ও ডিজিটাল মার্কেটিং সুবিধাসহ সরকারি ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি সার ও সেচ সুবিধা সহজলভ্য করতে কৃষিবান্ধব নীতি প্রণয়নের অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, নওগাঁর নাকফজলী আম ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে পরিচিত। এই আমকে কেন্দ্র করে এলাকায় জুস ফ্যাক্টরি স্থাপন করা হবে। বেকারত্ব দূর করতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র ও তরুণদের জন্য আইটি খাতে দক্ষতা উন্নয়নে ডিজিটাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের বিষয়ে ফজলে হুদা বাবুল বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল হেলথ ইউনিট চালু করা হবে। আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পাহাড়পুর বৌদ্ধ বিহারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
সুশাসনের বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, দলীয় প্রভাবমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে, নিয়োগ বাণিজ্য বন্ধ করা হবে এবং সহিংসতামুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। ১০০ দিনের মধ্যে এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকারও করেন তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের ঘরে আবদ্ধ না রেখে শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। হস্তশিল্প ও কুটির শিল্পের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং ক্ষুদ্র ঋণ ও প্রারম্ভিক তহবিল দিয়ে নারী উদ্যোক্তা গড়ে তোলা হবে।
শেষে তিনি এলাকার জনগণের উদ্দেশে বলেন, “আপনারা একবার আমাকে সুযোগ দিন। ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে ইশতেহারে ঘোষিত প্রতিটি পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।”
ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির নেতা আবু বক্কর সিদ্দীকি নান্নু, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সদস্য মুনিরা সুলতানা, কন্যা ফাবি সুমাইয়া হুদাসহ দলীয় নেতৃবৃন্দ।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
সৈকত সোবহান, প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):- 

































