টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি জুটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে। মাঝের ১৭ বছরে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। এর মধ্যে ঘর-সংসারও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। চলুন ফিরে দেখা যাক এ তারকা জুটির ‘ফিল্মি’ ক্যারিয়ারের ১৭ বছরের জার্নি এখন কোথায় দাঁড়িয়ে।
খোঁপায় বেলি ফুলের মালা আর সাদা শাড়িতে শুভশ্রী গাঙ্গুলি। অন্যদিকে অভিনেত্রীর পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে সেজেছেন প্রযোজক তথা পরিচালক-অভিনেতা দেব। মে মাসের শেষ রবিবার হলো ‘দেশু ৭’ সিনেমার মহরত। সেই অনুষ্ঠানে তাদের পাশাপাশি বসতে দেখে আনন্দে আত্মহারা ভক্ত-অনুরাগীরা।
১০ বছর পর আবার একসঙ্গে নতুন সিনেমার শুটিং করবেন দেব-শুভশ্রী। মাঝের দিনগুলো দুজনের জীবন অনেক বদলে গেছে। ২০১৬ সালে শুটিং হওয়া ‘ধূমকেতু’ মুক্তি পায় ২০২৫ সালে। তারপর থেকে আবার ‘দেশু’ জুটির একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
পরে শুভশ্রীর সঙ্গে নতুন কাজের ঘোষণা দেন প্রযোজক দেব। সহকর্মী, বন্ধু হিসেবে তাদের যাত্রা কম হলো না। মাঝে মান-অভিমানের পালায় সময় বয়ে গেছে অনেকটাই।
সালটা ২০০৯। সেই সময় শুভশ্রী গাঙ্গুলি টালিউডে নতুন মুখ। অন্যদিকে দেব তখন অভিনয় করে ফেলেছেন ‘আই লাভ ইউ’, ‘প্রেমের কাহিনি’র মতো সিনেমায়। ‘রোমান্টিক’ নায়ক হিসাবে অনুরাগীদের মনে ধীরে ধীরে জায়গাও তৈরি করে ফেলেছেন অভিনেতা। সেই সময় পরিচালক রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে পর্দায় আগমন নতুন জুটি দেব-শুভশ্রীর। নৌকায় নতুন জুটির রোম্যান্স প্রথম ঝলকেই মন জয় করেছিল ভক্ত-অনুরাগীদের।
অনুরাগীদের মনে গুনগুন করত ‘দেখেছি তোমাকে শ্রাবণে’। শোনা যায়, এ সিনেমার পর নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবনেও তৈরি হয়েছিল বিশেষ বন্ধুত্ব। সেই সময়ে একের পর এক সিনেমাতে দর্শক দেখেছিলেন দেব ও শুভশ্রীকে। এমনকি তখন অন্দরে ফিসফাস শুরু— ব্যক্তিগত সমীকরণের কারণেই নায়ক-নায়িকা বারবার একসঙ্গে অভিনয় করছেন।
‘চ্যালেঞ্জ’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সেই একই বছরে মুক্তি পায় সিনেমা ‘পরান যায় জ্বলিয়া রে’। এ সিনেমাটি টালিউডে জায়গা আরও পাকা করে দেয় দেব-শুভশ্রী জুটির। কিন্তু ২০০৯ সালের পর প্রায় দুই বছর এ জুটিকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। শোনা গিয়েছিল, সেই সময় নায়িকা তথা শুভশ্রী বাদ পড়েছিলেন অনেক সিনেমা থেকে। তারপর নাকি ‘বন্ধু’ দেবের তৎপরতাতেই নতুন কাজের কথা শুরু হয়।
দুই বছরের ব্যবধানে ‘রোমিও’ সিনেমার মাধ্যমে আবার পর্দায় ফেরেন শুভশ্রী গাঙ্গুলি। বিপরীতে আবার সেই দেব। এ সিনেমায় নিজের চেহারার আদ্যোপান্ত বদল এনেছিলেন নায়িকা, যা রীতিমতো প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক মহলে। তার আগে থেকেই অবশ্য দেব-শুভশ্রীর প্রেমের কাহিনিতে সরগরম ছিল টালিপাড়া। যদিও জনসমক্ষে নিজেদের প্রেমের কাহিনি কখনো স্বীকার করেননি তারা। বরং বরাবরই ভালো বন্ধু বলে এড়িয়ে গেছেন। সেই সময়ে প্রযোজকেদের তালিকাতেও প্রথম সারিতে ছিলেন দেব-শুভশ্রী জুটি। বেশ কিছু জায়গায় আমন্ত্রিত হিসেবেও একসঙ্গে দেখা গেছে তাদের।
বিনোদন ডেস্ক 





























