জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামির পক্ষে কোনো জামিন আবেদন ছিল না। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে (৮১) আটক করে পুলিশ। বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পুলিশের আবেদনে বলা হয়, হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলন করছিলেন ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধর ও গুলিতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদিকুল (২১) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। টানা ১০ বছর এ দায়িত্ব পালন করেন।
পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির (সিডিএমএস) তথ্য পর্যালোচনার বরাত দিয়ে আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের বিভিন্ন থানায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
অনলাইন ডেস্ক : 



























