রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে রায়ে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায়ের পর উচ্চ আদালতেও এই মামলার দ্রুত নিষ্পত্তি হলো।
রায় ঘোষণার সময় আদালত বলেন, রামিসার হত্যা অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি। আদালত আরও জানান, প্রধান আসামি সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্না খাতুনের সহযোগিতার বিষয়ে কোনো তথ্য দেননি। ফলে প্রমাণের অভাবে তাকে খালাস দেওয়া হয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় কালশিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল
এর আগে সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে মামলার রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের যোগসাজশে সাত বছরের শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পার্শ্ববর্তী ফ্ল্যাটে অবস্থান করা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনতে পেলেও তখন সেটি তার নিজের সন্তানের কণ্ঠ বলে বুঝতে পারেননি। পরবর্তীতে ওই ফ্ল্যাট থেকেই রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনার পর দিনই নিহত রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে সহযোগী আসামি স্বপ্না আক্তারকে আটক করে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত ২১ মে গ্রেপ্তারকৃত সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।
রামিসা হত্যা: আসামিদের ডেথ রেফারেন্স শুনানি কার্যতালিকায়রামিসা হত্যা: আসামিদের ডেথ রেফারেন্স শুনানি কার্যতালিকায়
হত্যাকাণ্ডের পর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন এবং তারা ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো আশ্বাস দিয়েছিলেন।
গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়। মাত্র এক দিন অর্থাৎ ২ জুনেই মোট ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন, যেখানে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার উভয়কেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
নিয়ম অনুযায়ী বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানির ব্যবস্থা করা হয়। সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।
রায় ঘোষণার পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা হাইকোর্টে উপস্থিত থেকে গণমাধ্যমকে জানান, নিম্ন আদালতে আসামিদের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, উচ্চ আদালতেও তা বহাল থাকায় তিনি সন্তুষ্ট। একই সাথে বিচার প্রক্রিয়ার এই দ্রুততম অগ্রগতিতে তিনি সরকার ও অ্যাটর্নি জেনারেল অফিসকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনলাইন ডেস্ক : 



























