বিশ্বজুড়ে যেসব দেশে হামের প্রকোপ রয়েছে, তার মধ্যে এই মুহুর্তে অন্যতম ভয়াবহ প্রকোপ চলছে বাংলাদেশে। প্রতিদিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছে একের পর এক শিশু, খালি হচ্ছে বাবা-মায়ের বুক। সবশেষ ২৪ ঘণ্টায়ও ৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে মোট ১ হাজার ২৪৯ শিশু।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো শিশুর সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। আর বাকি ১ হাজার ১৪৪ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের শরীরে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ৫২ জনের শরীরে হাম ও এর উপসর্গ ধরা পড়েছে; যার মধ্যে ২৩ হাজার ৬৯৫ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে হামে।
অনলাইন ডেস্ক : 



























