১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। এর ঠিক চার দশক পর মায়ের জুতায় পা গলাতে চলেছে শতাব্দীকন্যা শামিয়ানা। মায়ের পথেই মেয়ে হাঁটতে শুরু করছে। অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছে অভিনেত্রী ও সংসদ সদস্য শতাব্দীকন্যা শামিয়ানা। পরিচালক অতনু রায়ের সিনেমা ‘ফাতমা’-এ দেখা যাবে শামিয়ানাকে।
শতাব্দী ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে শামিয়ানা। মা-বাবার আদরের জুমি এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। শুধু তাই নয়, এ সিনেমায় অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
ফাতেমা বেগমের নাম ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। অষ্টম শ্রেণির ছাত্রী শামিয়ানা এ সিনেমায় অভিনয় করবে কিশোরী জুবেদার চরিত্রে। ভারতের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে ফাতেমা বেগমের নামই বিবেচিত হয়। তার দ্বিতীয় কন্যা জুবেদা। প্রাপ্তবয়স্ক জুবেদার ভূমিকায় থাকছেন আনন্দরূপা চক্রবর্তী। ফলে শামিয়ানাকে দেখা যাবে এমন একজনের ছোটবেলার চরিত্রে, যিনি পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্রের আদিপর্বের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হয়ে উঠেছিলেন।
মেয়ের অভিনয়ে আত্মপ্রকাশে উচ্ছ্বসিত শতাব্দী রায়। তিনি বলেন, শামিয়ানার অভিনয়ের ইচ্ছা আছে, আমার ছেলের একদম নেই। আমি চাই শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয়জগতে কাজ করুক। ও ভালো কাজ করলে আমার অবশ্যই ভালো লাগবে।
তিনি আরও বলেন, এ সিনেমা যাকে নিয়ে তৈরি, আমাদের দেশের প্রথম নারী পরিচালক, তার কথা দুর্ভাগ্যজনকভাবে অনেক সিনেমাপ্রেমী মানুষও জানেন না। এ সিনেমার মাধ্যমে মানুষ জানবেন তার ব্যাপারে।
এ অভিনেত্রী বলেন, আমার আত্মপ্রকাশের ঠিক ৪০ বছর পর আমার মেয়ে বড়পর্দায় কাজ শুরু করছে, এটি আমার কাছে আনন্দের। ঋতুপর্ণার মেয়ের ভূমিকায় থাকবে শামিয়ানা। ঋতুকে অনেক শুভেচ্ছা। প্রযোজক অঞ্জনদা, পরিচালক এবং পুরো টিমকে আমার অভিনন্দন।
এ সিনেমায় শতাব্দীকব্যা শামিয়ানার অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, শতাব্দীর মেয়ে জুবেদার চরিত্রে অভিনয় করছে জেনে আমি খুবই খুশি। বেশ কয়েকটি সিনেমায় আমি শতাব্দীর সহ-অভিনেত্রী ছিলাম, আর ‘ওম শান্তি’ সিনেমায় ও আমাকে পরিচালনাও করেছে। ওর মেয়ের এই যাত্রা শুরু হচ্ছে জেনে ভালো লাগছে। আগামী বছর ‘ফাতেমা’ আমার কাছে অত্যন্ত বিশেষ একটি সিনেমা হতে চলেছে।
পরিচালক অতনু রায় বলেন, কিশোরী জুবেদার চরিত্রের জন্য উপযুক্ত অভিনেত্রী খুঁজতে গিয়ে শামিয়ানার সঙ্গে কথা হয়। আমার মনে বিশ্বাস জন্মায় যে, সে-ই সঠিক পছন্দ। এ সিনেমার প্রতি আমার ভাবনার ওপর আস্থা রাখার জন্য সবার কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।
জীবনের এক বড় অধ্যায়ের সূচনার সামনে দাঁড়িয়ে শামিয়ানা। সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, আমি মায়ের অনেক সিনেমা দেখেছি। সেগুলো দেখে ছোটবেলা থেকেই আমার অভিনয় করার খুব ইচ্ছে। আমি বড় হয়েও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চাই। আশা করি, আমার প্রথম কাজ সবার ভালো লাগবে।
উল্লেখ্য, ফাতেমা বেগমের কন্যা জুবেদা নির্বাক যুগেই একজন বিশিষ্ট অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান। এরপর ভারতের প্রথম সবাক ছবি ‘আলম আরা’র (১৯৩১) মাধ্যমে তিনি সারা দেশে খ্যাতি অর্জন করেন। ছবিটি তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং সবাক যুগের অন্যতম শীর্ষ তারকা হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে। ১৯৩০ ও ১৯৪০-এর দশকের গোড়ায় তিনি বেশ কয়েকটি সফল ঐতিহাসিক ও পৌরাণিক ছবিতে সুভদ্রা, উত্তরা ও দ্রৌপদীর মতো চরিত্রে অভিনয় করেন। কন্যার চলচ্চিত্রজীবন গড়ে তুলতে ফাতেমা বেগমের প্রয়াস ছবির কাহিনির এক গুরুত্বপূর্ণ অংশ।
অরোরা ফিল্ম করপোরেশনের পক্ষে অঞ্জন বসু প্রযোজিত ‘ফাতেমা’ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিনেমা। ফাতেমা বেগম পরিচালিত ঐতিহাসিক নির্বাক ছবি ‘বুলবুল-ই-পরিস্তান’ (১৯২৬)-এর শতবর্ষ উপলক্ষ্যে এ ছবিটি নির্মিত। এই পথিকৃৎ নির্মাতার জীবন ও লড়াই, তার পরিবার, স্বাধীন চলচ্চিত্র-প্রতিষ্ঠান গড়ে তোলার দৃঢ় সংকল্প এবং ভারতীয় সিনেমার প্রাথমিক বিকাশে তার অবদান ছবিতে উঠে এসেছে।
বিনোদন ডেস্ক 

































