লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের বুড়িরহাট বাজারে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনা আড়াল করতে ‘ভুয়া ক্ষতিগ্রস্ত’ সাজিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রত্যক্ষভাবে সহযোগিতার অভিযোগ উঠেছে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, বুড়িরহাট বাজারের সরকারি জায়গায় স্থায়ীভাবে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাতে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস পুলিশসহ সরেজমিনে ঘটনাস্থলে যান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডেকোরেটর ব্যবসায়ী বাবলু মিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সময় নিয়ে নিজেই তার স্থাপনা সরিয়ে নেন। তবে পাশে থাকা আরেক ব্যবসায়ীর অবৈধ স্থাপনা দীর্ঘ সময় পরও না সরানোয় মোবাইল কোর্ট পরিচালনা করে তা উচ্ছেদ করা হয়। অভিযানে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব, থানা পুলিশ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
সরেজমিনে বাজারের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, বুড়িরহাটের ইজারাদার ছাত্রদল নেতা ফারুক মিয়া নিজ নামে হাট নেওয়ার পর সরকারি জায়গার দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য একাধিকবার চেষ্টা করেন এবং এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগও দেন। ইউএনও জানান, দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসকের কাছে নথি পাঠানো হয়েছে।
তবে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, হাট ইজারাদার নিজেই অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যর্থ হয়ে উল্টো মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি জায়গায় স্থাপনা তৈরি করে দিচ্ছেন। এ কাজে সহযোগিতার অভিযোগ উঠেছে যুবদল নেতা আব্দুল আহাদসহ হাটের সঙ্গে জড়িত ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে।
এদিকে,গত রোববার (২২ নভেম্বর) শাক দিয়ে মাছ ঢাকতে প্রকৃত ঘটনা আড়াল করতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে যাকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করা হয়েছে, তিনি আসলে ওই অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত নন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি পাশের মার্কেটের একজন ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে পাশে থাকা ব্যক্তি প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কি না—এমন প্রশ্নের জবাবে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ বলেন, তিনি তার এলাকার লোক এবং পড়তে পারেন না বলেই পাশে ছিলেন। এ সময় তিনি পাল্টা প্রশ্ন করে সাংবাদিককে বলেন, “ভাই, এটা কী করছেন?”
এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, “সরকারি জায়গায় কোনোভাবেই অবৈধ স্থাপনা নির্মাণ করা যায় না। বিষয়টি জানার পর মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।” দীর্ঘদিনের অবৈধ স্থাপনা প্রসঙ্গে তিনি জানান, উচ্ছেদের অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে; অনুমোদন পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলোও উচ্ছেদ করা হবে।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 
































