নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁকে মারধর করে ডান হাত ও বাম পা ভেঙে দেওয়ার পর ডান পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি হামলার শিকার হন।
পরিবারের অভিযোগ, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে বাড়িতে যাওয়ার পর শাহজালাল নামে এক ব্যক্তি ফোন করে আবুল কালামকে ডেকে নেন। সেখানে পৌঁছালে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল কালামের বাবা আব্দুল মালেক বলেন, পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আবুল কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেয়। মাটিতে পড়ে যাওয়ার পর তাঁর ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার পর রগ কাটার অভিযোগ
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ১০:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- 15




























