লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুরোনো মিটার খুলে নতুন প্রিপেইড মিটার স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন হাতীবান্ধা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমানসহ পাঁচজন কর্মকর্তা-কর্মচারী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ভেলাগুড় ইউনিয়নের কাশিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমবাজার এলাকার একটি দোকানে পুরোনো মিটার খুলে নতুন প্রিপেইড মিটার স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সেখানে যান। এ সময় স্থানীয়রা প্রিপেইড মিটার স্থাপনে বাধা দেন। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, তাদের আপত্তি উপেক্ষা করে বিদ্যুৎ বিভাগের লোকজন পুরোনো মিটার খুলে নতুন প্রিপেইড মিটার স্থাপন করেন। এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত লোকজন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান প্রকৌশলী, সাগর রায় সহকারী প্রকৌশলী, অনিমেষ মন্ডল উপসহকারী প্রকৌশলীকে ঘিরে ফেলেন এবং তারা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রিপেইড মিটারে বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ধরনের চার্জ ও অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়। এ কারণে তারা দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটার নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে হাতীবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিও হয়ে আসছে।এ বিষয়ে হাতীবান্ধা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তিনি বক্তব্য দিতে রাজি হননি।
মোঃ নজরুল ইসলাম 

































