লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক (গ্রেড-১)। একই সঙ্গে তিনি নোবিপ্রবির ট্রেজারার।
গতকাল রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ হানিফকে এই নিয়োগ প্রদান করা হয়েছে। তবে তাঁর নোবিপ্রবির ট্রেজারার পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক এ নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনের শর্তে বলা হয় , ” উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ এর মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন।তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।
নোবিপ্রবি প্রতিনিধি 
































