পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন।
তিনি বলেন, পোস্টাল ব্যালটের স্বচ্ছতার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি জড়িত। তাই এই প্রক্রিয়ায় কোনো কারচুপি বা অশুভ তৎপরতা ধরা পড়লে কাউকেই ছাড় দেওয়া হবে না।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও জানান, বিদেশে অবস্থানরত কোনো নাগরিক যদি পোস্টাল ব্যালটে অনিয়ম করেন তবে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি শাস্তির মুখোমুখি করা হবে। কমিশন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রবাসীদের ভোট প্রক্রিয়ায় যেকোনো হস্তক্ষেপ কঠোরভাবে দমন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এদিকে দেশের ভেতরে একই ব্যালট পেপারে সাধারণ এবং পোস্টাল ভোট গ্রহণের একটি প্রস্তাব দিয়েছে বিএনপি। এই প্রস্তাবের বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে সানাউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু করেছেন। শুক্রবার কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানেই বিএনপির এই প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে তিনি জানান।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 



























