লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায় ভ্যানচালক আবু বক্করের চুরি হওয়া অটোভ্যানটি উদ্ধার করে তাঁর হাতে তুলে দিয়েছে আনসার ও ভিডিপির টহল দল।
জানা গেছে, উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা আবু বক্কর ভ্যান চালিয়ে তাঁর পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। শুক্রবার গভীর রাতে একদল চোর তাঁর বাড়ির মূল ফটকের তালা ও গ্রিল কাটিং প্লায়ার্স দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে এবং অটোভ্যানটি চুরি করে নিয়ে যায়।
পরদিন ভোর আনুমানিক সাড় ৪টার দিকে সিংগীমারী ইউনিয়নে দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপির একটি টহলদল সন্দেহভাজন কিছু লোককে ভ্যানসহ দেখতে পায়। সেখানে উপস্থিত সিংগীমারী ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার শ্রী নয়ন চন্দ্র ও ভিডিপি সদস্য সৈকত ইসলাম তাৎক্ষণিক তৎপর হয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে চোরচক্রটি ভ্যান, একটি কাটিং প্লায়ার্স এবং চাবি ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদের নির্দেশে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে প্রকৃত মালিক আবু বক্করের কাছে উদ্ধারকৃত অটোভ্যানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ভ্যানটি ফেরত পেয়ে আবেগপ্লুত আবু বক্কর বলেন, “ভ্যানটিই ছিল আমার সংসারের আয়ের একমাত্র উৎস। রাতে এটি চুরি হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছিলাম। আনসার ও ভিডিপির তৎপরতায় আমার সম্বলটি ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।”
অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
-
আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৭:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 15
































