দীর্ঘ বিরতি ভেঙে আবারও সংগীতে ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদার। সর্বশেষ ২০১৭ সালে তার আলোচিত ‘নেশা’ গানটি প্রকাশের পর শুক্রবার (৯ অক্টোবর) মুক্তি পেল নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’। গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে সাড়া ফেলেছে।
কক্সবাজারের সমুদ্র সৈকত ও নানা মনোরম স্থানে গানটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে। এতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন শের শাহ রাসেল। নকুল সরকারের পরিচালনায় প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত এই ভিডিওটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অবমুক্ত করা হয়।
গানের পেছনের গল্প নিয়ে কুসুম শিকদার জানান, এটি তার অত্যন্ত প্রিয় একটি সৃষ্টি। করোনাভাইরাস মহামারির শুরুর দিকে ২০২০ সালে তিনি গানটির কথা লিখেছিলেন এবং সে সময়েই অডিও রেকর্ডিং সম্পন্ন হয়। তবে ভিডিও নির্মাণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এর মাঝে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ (২০২৪) নিয়ে ব্যস্ত থাকায় গানটি প্রকাশে কিছুটা দেরি হয়। অবশেষে শ্রোতাদের আগ্রহ ও তাড়না থেকেই গানটি মুক্তির সিদ্ধান্ত নেন তিনি।
মাহমুদ সানির সুর ও সংগীতায়োজনে নির্মিত এই গানটি দিয়ে নিজের চেনা ছন্দের বাইরে এক ভিন্ন রূপ নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী। এর আগে নকুল সরকারের পরিচালনায় রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’ গেয়েছিলেন তিনি।
পবিত্র ওমরাহ পালনে অভিনেত্রী কেয়া পায়েল / ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’
সংগীতের পাশাপাশি নতুন কাজের খবরও দিয়েছেন কুসুম শিকদার। আগামী বছরের প্রথম দিকেই নিজের দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
বিনোদন ডেস্ক 

































