‘আয়নাবাজি’ সিনেমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন তাসনিয়া ফারিণ। ক্যামেরার সামনে এই মডেল-অভিনেত্রীর ফেরা ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছড়িয়েছে। অমিতাভ-ফারিণ জুটির এই পুনর্মিলন কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
গুণী নির্মাতা অমিতাভ রেজা ২৮ আগস্ট ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট দেখে ভক্তরা ধারণা করেছিলেন, তারা হয়তো কোনো বড় চলচ্চিত্র বা ওটিটি ওয়েব সিরিজ নিয়ে ফিরবেন। তবে সেটি একটি বিজ্ঞাপনচিত্র বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে অমিতাভ রেজা জানান, কোনো সিনেমা বা সিরিজ নয়; বরং বড় পরিসরে নির্মিত একটি বিশেষ বিজ্ঞাপনচিত্র।
এর আগে ২৮ আগস্ট অমিতাভ রেজা চৌধুরী ফেসবুকে তাসনিয়া ফারিণকে ট্যাগ করে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে-এবার একটু বড় কিছু করার জন্য।’
তাসনিয়া ফারিণ তার ক্যারিয়ারের শুরুর দিকে অমিতাভ রেজার নির্দেশনায় একটি ছোট প্রজেক্টে কাজ করেন। দীর্ঘদিন পর আবার এই গুণী নির্মাতার ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘কারাগার’ তারকা নিজেও। অমিতাভ রেজার সেই পোস্টটি শেয়ার করে ফারিণ ক্যাপশনে লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’
গত রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় অনবদ্য অভিনয় করেন তাসনিয়া ফারিণ। এরপর নতুন কাজের ঘোষণা না আসায় তাকে নিয়ে প্রতীক্ষা বাড়ছিল ভক্তদের। জানা যায়, বিজ্ঞাপনচিত্রটি অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন তার স্ত্রী মুশফিকা মাসুদ। এটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাফ স্টপ ডাউন’র ব্যানারে নির্মিত হয়েছে।
বিনোদন ডেস্ক 
































