আগামী বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ থাকছে ৫ ডিসেম্বর পর্যন্ত। এ বিষয়ে দেশের সব শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।
তিনি জানান, নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। এ ক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ২৯ নভেম্বর।
অন্যদিকে, বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের জন্য ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ১০০ টাকা হারে বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর।
এ বিষয়ে সব শিক্ষা বোর্ড আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
এর আগে আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নির্ধারণ করা হয়েছিল ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ছিল ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। নতুন সিদ্ধান্তে উভয় ক্ষেত্রেই সময়সীমা বাড়ানো হয়েছে।
অনলাইন ডেস্ক : 


























