নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় বেতন পেতে আরও সময় লাগতে পারে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাবের প্রক্রিয়ায় জটিলতার কারণে এ বিলম্ব হতে পারে।
প্রশ্ন উঠেছে, পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন না থাকলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন পেতে দেরি হবে কেন?
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করতে হয় হাতে-কলমে। অন্যদিকে স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব কম্পিউটারের মাধ্যমে করা হয়। মাদ্রাসার জনবলের বেতন হিসাবের এই প্রক্রিয়ার কারণেই নতুন পে স্কেল কার্যকরে বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন পেতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেলে বেতন দেওয়ার। তবে সেটি সম্ভব নাও হতে পারে।’
মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাদ দিয়ে শুধু স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের নতুন পে স্কেলে বেতন দেওয়া সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘এটি আসলে সম্ভব নয়। দুটি আলাদা বিভাগ হলেও মন্ত্রণালয় একই। এজন্য সবাই একসঙ্গেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।’
এর আগে গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় বেশি, সেগুলো এমপিওর অর্থের বাইরে থেকেও শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দিতে পারে। তবে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সেই আর্থিক সক্ষমতা নেই। ফলে নতুন পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতায় পরিবর্তন আসার বিষয়টি তাদের জন্য গুরুত্বপূর্ণ।
অনলাইন ডেস্ক : 



























