<span;>‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
<span;>পরে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেম। এ সময় স্থানীয় মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
<span;>অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়াতে অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ আয়োজনকে ঘিরে স্থানীয় মৎস্যচাষি, জেলে ও উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানটি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।
এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মো. মোশারফ হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. শহিদুজ্জামান কোয়েল, মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
মোঃ নজরুল ইসলাম 


























