রংপুরের পীরগাছায় গভীর রাতে এক কৃষকের খড়সহ ধানের গাঁদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি মাষ্টারপাড়া গ্রামে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—পুড়ে যাওয়া ধানের গাঁদার ছাইয়ের ভেতর থেকে এখনও মাঝে মধ্যে ধোঁয়া বের হচ্ছে।
এ সময় ভুক্তভোগী কৃষক মিলন মাহমুদ জানান, তিনি ৯৪ শতক জমিতে এবার আমন ধান চাষ করেছিলেন। কিছুদিন আগে সেগুলো কেটে জমিতেই খড়সহ শুকিয়ে গাদা করে রেখেছিলেন। গতকাল সেগুলো ভ্যান দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রাঁতের আধারে কে বা কাহারা তার ধানের গাঁদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তার ৭০-৮০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি সন্দেহ পোষন করেন, জমি-জমা নিয়ে প্রতিবেশীদের সাথে তাদের মামলা-মোকদ্দমা চলছিল। যদিও সম্প্রতি স্থানীয় চেয়ারম্যান তা মিমাংসা করে দিয়েছেন। তবে তার প্রতিপক্ষরাই হয়তো এই ক্ষতি করে থাকতে পারেন বলে আশংকা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকেতই পারে। তাই বলে এভাবে ধান পুড়িয়ে দেওয়া ঠিক নয়। এটি অত্যন্ত নেক্কারজনক ও গর্হিত কাজ হয়েছে। তারা দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- 































