রংপুরের পীরগাছায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের দিগটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- দিগটারী গ্রামের শামসুল ইসলামের ছেলে সোহাগ (৫) এবং পাশ্ববর্তী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হাসানের ছেলে আবিদ (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আবিদ ও সোহাগ বাড়ির পাশের মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলা শেষে তারা একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে একটি ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তারা। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন ডোবার পানিতে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, দুই শিশু একে অপরের খুব ঘনিষ্ঠ ছিল এবং প্রায়ই একসঙ্গে খেলাধুলা করত। তাদের এমন করুণ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
তাজরুল ইসলাম , পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- 































