প্রশ্ন: কোরআনের নির্বাচিত আয়াত ও দোয়ার বই পাওয়া যায় যেগুলোতে কোরআনের বিভিন্ন জায়গা থেকে শুধু দোয়া বা বিষয়ভিত্তিক আয়াত উল্লেখ করা হয়। প্রশ্ন হলো, এ রকম নির্বাচিত দোয়া বা কোরআনের বিভিন্ন সুরা থেকে সংকলিত বিষয়ভিত্তিক আয়াত নামাজে পড়া যাবে?
উত্তর: নামাজে একই রাকাতে ইচ্ছাকৃত একাধিক স্থান থেকে তিলাওয়াত করা মাকরুহ।
নবীজি (সা.) নামাজে এভাবে তিলাওয়াত করতে নিষেধ করেছেন। বর্ণিত রয়েছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন দেখলেন, বিলাল (রা.) নামাজের একই রাকাতে বিভিন্ন সুরা থেকে তিলাওয়াত করছেন। পরে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি একটি উত্তমকে আরেকটি উত্তমের সাথে মিলিয়েছি। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, না, সুরা যেভাবে আছে সেভাবেই পড়। (ফাজাইলুল কোরআন, আবু উবাইদ পৃ. ৯৫)
এ রকম হাদিসগুলোর আলোকে ফকিহগণ একই রাকাতে ইচ্ছাকৃত একাধিক স্থান থেকে তিলাওয়াত করাকে মাকরুহ বলেছেন।
তবে রমজান মাসে তারাবিহ নামাজে কোরআন খতম করার জন্য যদি পড়া হয়, তাহলে এক বা একাধিক আয়াত ছুটে গেলে তা পরবর্তীতে একত্র করে পড়ে নেওয়া যেতে পারে, এটা মাকরুহ হবে না। কোরআন খতম পূর্ণ হওয়ার জন্য এ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
ইসলাম ডেস্ক 
































