রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা; এজাহারনামীয় আসামি র্যাবের যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩ এর আওতাধীন এলাকায় হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদীর দায়েরকৃত এজাহার হতে জানা যায়, বাদীর ছোট ছেলে মোঃ সোহেল রানা (২৮) জমি চাষের ট্রাক্টর-ট্রলি চালায়। ১ নং আসামি মোঃ হাফিজুর রহমানের বাড়ি থেকে দেড়/দুই মাস আগে একটি মোটরসাইকেল চুরি হয়। আসামিরা মোটরসাইকেল চুরির ঘটনায় ভিকটিম মোঃ সোহেল রানাকে সন্দেহ করে। ৩ নং আসামি মোঃ মোনারুল ইসলাম গত ২৭/১০/২০২৫ তারিখ ভিকটিমের বাড়ি হতে ভিকটিমকে ডেকে নিয়ে যায়। আসামিগণ মোটরসাইকেল উদ্ধারের জন্য ভিকটিমকে নিয়ে মিঠাপুকুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। পরবর্তীতে ভিকটিম সোহেল রানাকে ০১ নং আসামী মোঃ হাফিজুর রহমানের বাড়িতে আটকে রাখা হয়। মোটর সাইকেল চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য ভিকটিমকে মারধোর করা হয় এবং ইলেকট্রিক শক দেওয়া হয়। ভিকটিম বাড়িতে ফেরত না আসলে তার পিতামাতা আসামি মোনারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে। তখন মোনারুল ভিকটিমের পিতামাতার কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আসামিদের কথামতো ভিকটিমের পিতা-মাতা বালুয়া বাজারে গেলে আসামিরা তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে ১০০ টাকা মূল্যের তিনটি সাদা স্ট্যাম্পে ভিকটিমের পিতা-মাতার স্বাক্ষর নিয়ে ভিকটিম সোহেল রানাকে আসামিরা তার পিতা মাতার হাতে তুলে দেয়। গত ২৯/১০/২০২৫ তারিখ ভিকটিমকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেয়ার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ কালে রাতে আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় ভিকটিম মৃত্যুবরণ করে। পরবর্তীতে ৩০/১০/২০২৫ তারিখে ভিকটিমের পিতা বাদী হয়ে পেনাল কোডের ৩০২/৩৬৪/৩৮৭/৩৪ ধারায় মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ৫৯।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র্যাব-১, সদর কোম্পানী, উত্তরা, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.০৫ ঘটিকার সময় ঢাকার উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৮, প্লট-৯/এ, উত্তরা বন বিথী কমপ্লেক্স এর সামনে অভিযান পরিচালনা করে আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলাটির ৩নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মোনারুল ইসলাম (৩০), পিতা- মোঃ মোজাম্মেল হক, সাং- পূর্ব বড়বালা (ভোলার পাথর), থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
প্রেস বিজ্ঞপ্তি 



























