নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা থেকে পরিচ্ছন্ন ও মানবিক রাজনীতি শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের বিএনপির প্রার্থী এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
তিনি বলেন, বাংলাদেশ একটি নতুন পথের যাত্রা শুরু করতে যাচ্ছে। ১৯৭১ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ও সামাজিক চিত্র ছিল, ২০২৬ সাল থেকে তা পরিবর্তিত হয়ে নতুন রূপে এগিয়ে যাবে। আর সেই উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, যদি বলতে হয় আমরা বাংলাদেশে কী পরিবর্তন আনতে যাচ্ছি, তাহলে বলবো, আমি ফারজানা শারমিন পুতুল সেই পরিবর্তনের অংশ, যে পরিবর্তন বাংলাদেশ চায়।
তিনি বলেন, নাটোর-১ সংসদীয় আসনে তিনি ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী।
তিনি আরও বলেন, বিএনপি আমাকে নাটোর-১ আসন থেকে ধানের শীষের মতো একটি সম্পদ আমার হাতে তুলে দিয়েছে, শুধু লালপুর ও বাগাতিপাড়ার উন্নয়নের জন্য নয়, বরং সারা বাংলাদেশের পরিবর্তনের অংশ হিসেবে।
আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং তারেক রহমানের নেতৃত্বে গড়া বাংলাদেশ।
তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ায় আমরা শুধু রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মন্দির নির্মাণ করেই থেমে থাকবো না। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে বিজয় অর্জনের পর ঘরে ঘরে মানবসম্পদের উন্নয়ন ঘটিয়ে একটি সত্যিকারের পরিবর্তনের সূচনা করবো।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 



























