কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার পর তার কাছ থেকে নিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সালমানপুর এলাকা থেকে তুহিন নামের এক কিশোরের বাসায় অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক কিশোরকে সন্দেহের তালিকায় আনা হয়। পরে ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাসা থেকেই অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আমরা পুরো ঘটনার বিস্তারিত রবিবার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরব। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।
শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম।
শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলা ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। পরে শাহরিয়া আনাস ও মো. ফাহিম নামের আরো দুই কিশোরকে আটক করে পুলিশ।
অনলাইন ডেস্ক : 

























