পাড়া-মহল্লার আড্ডা থেকে রেলস্টেশন, মাঠ কিংবা নির্জন স্থানে কিশোরদের অপরাধপ্রবণতা ঠেকাতে একযোগে অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা পুলিশ। জেলার ১৭ থানার বিভিন্ন এলাকায় চালানো বিশেষ অভিযানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ৪৪৫ জনকে আটক করা হয়েছে।
তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৯৩ জনকে অভিভাবকের জিম্মায় ও অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল অভিযানের তথ্য জানান। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে জেলার ১৭ থানা এলাকা থেকে ৩৫৪ জন কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। তাদের মধ্যে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিয়েছে পুলিশ। পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে আটক হন ৪৪৫ জন।
অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও সময় কাটানোর বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হয়। নির্ধারিত সময়ে সন্তান বাড়ি ফিরছে কি না এবং তারা কোথায় যাচ্ছে এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখার পাশাপাশি মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে তাদের দূরে রাখার জন্য অভিভাবকদের সচেতন করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত নজরদারির পাশাপাশি এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক : 


























