রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে লেইস (LAISE) প্রশিক্ষণের ৩য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার নবীন শিক্ষকরা অংশগ্রহণ করেন। কলেজের হলরুমে বিকাল ২টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে যুক্ত হন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর ও ফোকাল পয়েন্ট ও কোর্স কো-অর্ডিনেটর, লেইস প্রজেক্ট।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মোঃ রিপন মিঞা (আইডি-৪৫৮৯), সহকারী শিক্ষক (বাংলা), কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর। এছাড়া মহিলা প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন মোছা. ফারজানা খাতুন (আইডি-৪৫২৫), সহকারী শিক্ষক (বাংলা), পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা। বক্তারা তাদের বক্তব্যে প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশা তুলে ধরেন।
প্রধান অতিথি জনাব মীর্জা মোহাম্মদ আলী রেজা, যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, তার বক্তব্যে বলেন—বর্তমান প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। লেইস (LAISE) প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের আধুনিক শিক্ষণ কৌশল আয়ত্তে সহায়তা করবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, মেধাবী প্রশিক্ষণার্থীদের জন্য বিদেশ ভ্রমণের বিশেষ সুযোগ থাকায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, উপ-প্রকল্প পরিচালক, লেইস প্রজেক্ট এবং জনাব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব, তাদের বক্তব্যে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, এ উদ্যোগ শিক্ষকদের পেশাগত উন্নয়ন ঘটাবে এবং শিক্ষার্থীদের জন্য পাঠদান আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলবে।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ৩য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতিত্ব করেন প্রফেসর মো. আবু বকর সিদ্দিক সরকার, অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোছা. লুবনা আখতার এবং কোর্স কো-অর্ডিনেটর ড. ফিরোজ কবীর মন্ডল, সহযোগী অধ্যাপক সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছা. শামীমা নাসরিন, সহযোগী অধ্যাপক এবং আসাদুজ্জামান সরকার, প্রভাষক।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকরা আধুনিক শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কুড়িগ্রাম প্রতিনিধি,রিপন আহমেদ রনি : 




























