মারভেল কমিকসের সুপারহিরো স্পাইডারম্যানের ভক্তদের অপেক্ষা একেবারেই শেষের দিকে। সিরিজটির নতুন পর্ব ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী প্রিমিয়াম ফরম্যাটে মুক্তি পাবে ৩১ জুলাই। মারভেল অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর অপেক্ষায় থাকলেও মুক্তির আগেই সিনেমাটি বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে। স্পেশাল স্ক্রিনিংয়ের পর জনপ্রিয় রিভিউ অ্যাগ্রিগেটর ‘রোটেন টমেটোজ’-এ সিনেমাটি এরই মধ্যে ৯১ শতাংশ ফ্রেশ স্কোর অর্জন করেছে। এই স্কোর মারভেলের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা সাফল্য হিসেবে ধরা হচ্ছে।
‘নো ওয়ে হোম’-এর পর পিটার পার্কারের নতুন জীবনের নানা টানাপোড়েন ও একাকিত্বের গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমার কাহিনি। সমালোচকদের মতে, এটি কেবল প্রথাগত সুপারহিরো ছবি নয়; বরং আবেগ ও অ্যাকশনের এক দুর্দান্ত মিশেল। ছবিতে পিটারের চরিত্রে টম হল্যান্ড তার ক্যারিয়ারের সেরা অভিনয় উপহার দিয়েছেন বলে প্রশংসায় ভাসছেন।
সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশের মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যেই ৫০ কোটি দর্শক সেটি উপভোগ করেছেন। টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ট্রেলার দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন সিনেপ্রেমীরা। মুক্তির পর দ্রুততম সময়ে ৫০ কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে ট্রেলারটি।
মুক্তির আগেই ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর বাজিমাত
বাবা টম ক্রুজের নাম ছেঁটে দিলেন সুরি নোয়েল
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় ছবিতে আবারও টম হল্যান্ডের সঙ্গে দেখা যাবে জেনডায়া ও জ্যাকব ব্যাটালনকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন জন বার্নথাল (পানিশার) ও মার্ক রাফালো (হাল্ক)। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন নতুন মুখ স্যাডি সিঙ্ক।
সিনেমাটির দৈর্ঘ্য নিয়ে সমালোচকদের সামান্য আপত্তি থাকলেও সামগ্রিক বিচারে এটি মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বড় জয় হতে যাচ্ছে। বিশ্বজুড়ে ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি। তবে উপমহাদেশে সিনেমাটি একদিন আগেই মুক্তি পাবে। সূত্র: এইসময় অনলাইন
বিনোদন ডেস্ক 
































