যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে-এমন প্রত্যাশায় সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এদিকে চলতি সপ্তাহে প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
সোমবার গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২০ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪০২ দশমিক ৮৬ ডলারে নেমেছে। এর আগে শুক্রবারও স্বর্ণের দাম ১ শতাংশ কমেছিল।
ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৭ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার দ্রুত বেড়েছে। একই সময়ে বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত ছিল। এতে দেশটির শ্রমবাজারে সাম্প্রতিক দুর্বলতা কিছুটা কাটছে বলে ধারণা করা হচ্ছে। ফলে চলতি মাসেই সুদের হার বাড়ানোর সম্ভাবনা আলোচনায় রয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক বা পিপিআই এবং শুক্রবার ভোক্তা মূল্যসূচক বা সিপিআইয়ের তথ্য প্রকাশ হওয়ার কথা। এসব তথ্যের ওপর ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নীতির বিষয়ে বিনিয়োগকারীদের ধারণা নির্ভর করবে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার তুলনায় ভালো হওয়ায় স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে। তবে সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আসতে পারে চলতি সপ্তাহের মূল্যস্ফীতির প্রতিবেদনে।
তিনি বলেন, মূল্যস্ফীতির তথ্য শক্তিশালী হলে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা আরও জোরালো হবে। এতে বন্ডের সুদহার বাড়বে এবংস্বর্ণের ওপর আরও চাপ তৈরি হতে পারে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ১৫-১৬ সেপ্টেম্বরের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫৮ দশমিক ৪ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ফেডারেল রিজার্ভ সুদের হার না কমালে বাণিজ্য ঘাটতি রয়েছে—এমন দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করে দিতে পারে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও বাজারে প্রভাব ফেলছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে তৈরি হওয়া সংকট মোকাবিলায় তারা আরও জোরালো পদক্ষেপ নেবে। একই সময়ে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নতুন করে হামলা হলে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৮০ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৮০০ দশমিক ৫৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯৪ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স/শাফাক নিউজ
অনলাইন ডেস্ক : 


























