এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মো. ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম স্বাগত দরবারে বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন মো. ফারুক আহমেদ। এ সময় তিনি জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
একই সঙ্গে বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি আদর্শ ও রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাহিনীর প্রতিটি স্তরের সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক মো. ফারুক আহমেদ
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ১২:১৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- 24




























