মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরো বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
লোহিত সাগর ও কৌশলগত হরমুজ প্রণালিতে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা এবং সৌদি আরবে হুথি বাহিনীর আক্রমণের পর অঞ্চলটিতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই তেলের এই মূল্যবৃদ্ধি দেখা গেল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার আন্তর্জাতিক সময় বেলা ১১টা ৩৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১৪ ডলার ৫৭ সেন্টে দাঁড়ায়। দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১১৫ ডলারে পৌঁছে যায়, যা গত ৪ মে-র পর সর্বোচ্চ।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০০ ডলার ৯৫ সেন্টে দাঁড়িয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়ার পথে রয়েছে। চলতি সপ্তাহেই এর দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। তবে সপ্তাহ শেষে ডব্লিউটিআইয়ের দাম ০ দশমিক ৫ শতাংশের মতো কম থাকতে পারে।
সংঘাত তীব্র রূপ নেওয়ায় গতকাল বৃহস্পতিবার বাহরাইনের কাছাকাছি উপসাগরীয় অঞ্চলের ধাহরানে অবস্থিত নিজেদের প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘সৌদি আরামকো’।
সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক ব্যাংক ইউবিএসের জ্বালানি বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা বাজারে এখনো প্রবল। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। তার মতে, সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা ও পণ্য পরিবহনের উচ্চ ব্যয়ের কারণে বাজারে সরবরাহের স্পষ্ট ঘাটতি তৈরি হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথিদের সংঘাত দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশমুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর এ উত্তেজনা আরও তীব্র হয়েছে।
আর্থিক পরিষেবা সংস্থা এক্সএস ডটকমের বিশ্লেষক লিন ট্রান বলেন, সরবরাহে প্রকৃতপক্ষে কতটা বিঘ্ন ঘটছে এবং স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কত সময় লাগছে, তা এখন বাজার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারণ, এসব বিষয়ের ওপরই তেলের চড়া দাম কত দিন স্থায়ী হবে তা নির্ভর করছে।
তিনি আরও বলেন, আক্রমণ যদি এভাবে অব্যাহত থাকে এবং জ্বালানি পরিবহনে দীর্ঘসূত্রতা তৈরি হয়, তবে বিশ্ববাজারে তেলের চড়া দাম বজায় থাকার পক্ষে আরও শক্তিশালী ভিত্তি তৈরি হবে।
অনলাইন ডেস্ক : 



























