মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১২ ডলারে পৌঁছেছে। গত ১৮ মে’র পর এই প্রথম তেলের দাম ১১২ ডলার ছাড়াল।
ইয়েমেনের ইরানপন্থি হুথি আন্দোলন বুধবার সৌদি আরবের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া সৌদি আরবের একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বুধবার উত্তর উপসাগরে ‘অবৈধ’ তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি জাহাজে হামলা চালানো হয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরো তিনটি জাহাজ মাইনের সঙ্গে সংঘর্ষে পড়েছে বলে দাবি করেছে বাহিনীটি। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আইআরজিসি বলেছে, উসকানি অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরো ব্যাপক পদক্ষেপ নেওয়া হতে পারে।
এ পরিস্থিতিতে সৌদি আরবে কয়েকটি কূটনৈতিক মিশন থেকে কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। একই সময়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো ধাহরানে তাদের সদর দপ্তরের কর্মীদের সরিয়ে নিয়ে দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 


























