জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিল্লি গেছেন।
আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) ভারত সফরে যাওয়ার কথা ছিল তার। তবে একদিন আগেই নিরাপত্তা উপদেষ্টা দিল্লি গেলেন।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) আওতায় আগামী ২০ নভেম্বর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারত মহাসাগর ঘিরে থাকা ৫ দেশের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। এতে যোগ দেবেন ড. খলিলুর রহমান। ওইদিন বিকেলেই ঢাকায় ফিরবেন তিনি।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে গত মাসে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। সেই আমন্ত্রণেই তিনি এবার দিল্লি গেলেন। তবে ড. খলিলুর রহমান এমন এক সময়ে দিল্লি গেলেন, যার মাত্র একদিন আগেই পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড হয়েছে। সে কারণে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে তাদের ফেরতের বিষয়টিও উত্থাপন করতে পারেন ড. খলিলুর রহমান।
নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবেন কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার জানিয়েছিলেন, এটা তার বিষয়। তিনি চাইলে বিষয়টি তুলতে পারেন। আমি এ নিয়ে বলতে চাই না।
উল্লেখ্য, এবারের ৭ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ভারত।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 



























