শারদীয় দুর্গাপূজার মহানবমীতে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রংপুর সফর।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুণ্ডু, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় ও সদস্য সচিব পলাশ কান্তি নাগ।
পূজামণ্ডপে প্রধানমন্ত্রী পুণ্যার্থীদের খোঁজখবর নেন এবং হাত নেড়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। এর আগে রংপুরে আসার পথে তারাগঞ্জের পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একই দিনে দেশের তিনটি প্রধান শহর—রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের বিশেষ সফরসূচি অনুযায়ী কাজ করছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি।
সৈয়দপুর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা করে রংপুরের পথে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে সড়কের দুই পাশে শত শত নেতাকর্মী দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালে গাড়ি থেকে হাত নেড়ে তিনি তার জবাব দেন। রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবেন।
রাজশাহীতে পৌঁছে তিনি দুপুর ২টা ১৫ মিনিটে সার্কিট হাউজে যাত্রাবিরতি এবং বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন। এরপর রাজশাহী ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।
চট্টগ্রামে পৌঁছে বিকেল সাড়ে ৫টায় জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি করে রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছাবেন।
Reporter Name 