রাজধানীর পৃথক চারটি স্থানে ঝটিকা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল হামলায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও গোটা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও এবং মালিবাগ এলাকায় পরপর এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে। সেখানে পরপর দুটি ককটেল ফুটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এরপর সন্ধ্যার দিকে প্রায় একই সময়ে মহাখালী ও আগারগাঁওয়ে বিস্ফোরণ ঘটানো হয়। সন্ধ্যা ৬টার দিকে মহাখালী এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঠিক একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কেও একটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়।
সর্বশেষ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার মূল ফটকের সামনে পরপর তিনটি ককটেল ফুটিয়ে এলাকা ছাড়েন দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়ে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফলে নতুন করে রাজধানীজুড়ে এসব ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অনলাইন ডেস্ক : 


























