নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন-গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬), টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
বিকেলে তারা বাড়ির সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে সাঁতার না জানায় তিনজন গভীর পানিতে তলিয়ে যান।
তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান। বিষয়টি সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেও কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীতে প্রবল স্রোত থাকায় সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। পরে রাতের জন্য অভিযান স্থগিত করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, সাঁতার না জানায় তারা স্রোতে তলিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও উদ্ধার অভিযান সমন্বয় করছে।
অনলাইন ডেস্ক : 


























