ইরানের সঙ্গে ছয় মাস ধরে চলা সংঘাতে ১৮ মার্কিন সেনাসদস্য নিহত এবং শত শত জন আহত হলেও এই সংঘাতকে ‘তুচ্ছ বিষয়’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘অনেকে এটাকে যুদ্ধ বলে না। আমি এটাকে সামরিক সংঘাত বলি, কারণ এটি আমাদের জন্য খুবই ছোট বিষয়। এটি বড় কিছু নয়।’
এর এক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই সংঘাতকে ‘যুদ্ধ’ বলা উচিত নয় বলে মন্তব্য করেছিলেন। তার ভাষ্য, কয়েক মাস আগেই বড় ধরনের সামরিক অভিযান শেষ হয়েছে।
ট্রাম্পও সংঘাতটিকে মাঝেমধ্যে হওয়া সীমিত আকারের হামলা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি বলব, এটি বিচ্ছিন্নভাবে ঘটছে। আপনারা জানেন, আমরা মাঝেমধ্যে হামলা চালাই।’ একই সঙ্গে তিনি দাবি করেন, ‘আমরা এখন যুদ্ধ করছি না। কোনো লড়াই হচ্ছে না।’
তবে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা হরমুজ প্রণালির আশপাশে প্রায় ৬০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সরঞ্জাম, মাইন পাতা সক্ষমতা ও যোগাযোগব্যবস্থা ছিল। একই সময়ে প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার কাজও করেছে মার্কিন বাহিনী।
এর আগে মার্কিন প্রশাসন সামরিক কৌশল থেকে সরে এসে নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের আর্থিক সক্ষমতা দুর্বল করার পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক সহযোগী চীনের বিরুদ্ধে এখনো বড় কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।
চীনের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা আসলে খুব বেশি জড়িত নয়। চীনের সম্পৃক্ততা খুবই কম। চাইলে চীন আরও অনেক বেশি জড়িত হতে পারত।’
হরমুজ প্রণালির বিকল্প হিসেবে নতুন সড়ক ও পাইপলাইন ব্যবহারের সম্ভাবনার কথাও তুলে ধরেন ট্রাম্প। সিরিয়ার মধ্য দিয়ে স্থলপথে বিকল্প রুট তৈরির সম্ভাবনার কথাও বলেন তিনি।
এদিকে তেহরানের দক্ষিণে সন্দেহভাজন একটি ইরানি পারমাণবিক স্থাপনায় শিগগিরই হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই পিকঅ্যাক্সে হামলা চালাতে পারি।’ ধারণা করা হচ্ছে, ভূগর্ভস্থ ওই স্থাপনায় ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু মজুত সরিয়ে নিয়েছে।
তবে সম্ভাব্য নতুন হামলার কথা বলার পরও ট্রাম্প ইরান সংঘাতকে যুদ্ধ বলতে নারাজ। তিনি বলেন, ‘এটি একটি সামরিক সংঘাত, তবে খুবই বিচ্ছিন্নভাবে ঘটছে। কেউ এটাকে যুদ্ধ না বললেও আমি বুঝতে পারি।’
ট্রাম্প আরও বলেন, ‘আপনি এটাকে কী নামে ডাকছেন, তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আমরা অসাধারণ সাফল্য পেয়েছি।’
আন্তর্জাতিক ডেস্ক 


























