ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক বা এমওইউর মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।
ট্রাম্পের দাবি, ইরান এখনো সংঘাত শেষ করতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে রাজি নয়। এ কারণে সমঝোতার মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে আবারও মন্তব্য করেছেন ট্রাম্প। তার দাবি, প্রণালিটি ‘খোলা’ রয়েছে এবং প্রতি সপ্তাহে এই জলপথ দিয়ে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে।
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইচ্ছার কথাও আবার জানিয়েছেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ওমানকে নিয়েও হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডে ওমান বাধা দিলে দেশটিতে হামলা চালানোর হুমকি দেন তিনি।
এদিকে ইরান হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে। সামুদ্রিক পরিবহনবিধি লঙ্ঘনের অভিযোগে জাহাজটি আটক করা হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, জাহাজটি থামানোর পর বর্তমানে কেশম দ্বীপের কাছে অবস্থান করছে। তবে জাহাজটির নাম বা লঙ্ঘনের বিস্তারিত জানানো হয়নি।
এদিকে হরমুজ দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট মাত্র পাঁচটি কার্গো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর আগের দিন কোনো কার্গো জাহাজ চলাচল রেকর্ড হয়নি।
তবে ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া ৬০ দিনের সময়সীমার বিষয়টি মানছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা স্মারকে ৬০ দিনের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই।
তিনি বলেন, তেহরান কোনো সময়সীমার চাপে সিদ্ধান্ত নেবে না। ইরান তার জাতীয় স্বার্থ বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেবে।
আন্তর্জাতিক ডেস্ক 


























