ইন্দোনেশিয়ায় সমুদ্রে চলন্ত একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী সমুদ্রে ঝাঁপ দিয়েছেন।
দেশটির আঞ্চলিক সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ফেরিটিতে থাকা মোট ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানায়, আগুন ছড়িয়ে পড়ার পর কয়েকজন যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন। পরে কাছাকাছি অবস্থানরত একটি জাহাজ তাদের উদ্ধার করে।
সংস্থাটি আরও জানায়, ফেরিটির আশপাশে আরও চারটি জাহাজ অবস্থান নিলেও ফেরিতে থাকা দাহ্য পদার্থের কারণে সৃষ্ট ঝুঁকির কারণে তারা কাছে যেতে পারেনি।
বাসারনাসের তথ্য অনুযায়ী, ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রাকালে আগুন লাগে। এ সময় ফেরির অধিনায়ক কোম্পানিকে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি জানান। তবে এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সুরাবায়া থেকে একটি বড় উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগবে।
পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মদ মাস্যহুদ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা জাহাজগুলোর মাধ্যমে যাত্রীরা উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, যাত্রী ও নাবিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে উদ্ধারকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আমরা সার্বক্ষণিক সমন্বয় করে যাচ্ছি।
১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌ-দুর্ঘটনা তুলনামূলকভাবে নিয়মিত ঘটনা। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং বৈরী ও অনিশ্চিত আবহাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে মনে করা হয়।
গত মাসেও দেশটির বৃহৎ সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ সেলায়ারের কাছে ৭০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে যায়। ওই ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয় এবং উদ্ধার অভিযান শেষ হওয়া পর্যন্ত আরও ১৪ জন নিখোঁজ ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক 
























